জুলাই ২১, ২০২৬, ১১:১৭ এএম
সড়কে শব্দদূষণ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে গাড়িতে অননুমোদিত ও হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে কঠোর নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।
সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি-৮১ অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজে ব্যবহৃত মোটরযান অথবা রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত মোটরযান বা একই প্রকৃতির অন্য মোটরযান ব্যতীত অন্য গাড়িতে পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুমুখী হর্ন অথবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে হুটারসহ যেকোনো অননুমোদিত হর্ন স্থাপন বা পুনঃস্থাপন করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের উচ্চ শব্দের হর্ন শুধু নাগরিকদের স্বাস্থ্যঝুঁকিই বৃদ্ধি করে না, বরং চালকদের বেপরোয়া ও দ্রুতগতিতে মোটরযান চালাতে উৎসাহিত করে। এর ফলে সড়কে দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। কিছু কিছু মোটরযানে এ ধরনের হর্ন সংযোজন করার ফলে মারাত্মক গণ উপদ্রবের সৃষ্টি হচ্ছে, যা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে এই নির্দেশনা বাস্তবায়নে নজরদারি বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন