শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ঘোষণা হলো ২০২৭ সালের হজ প্যাকেজ

জাতীয় ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ১২:০২ পিএম

ঘোষণা হলো ২০২৭ সালের হজ প্যাকেজ

ছবি - সংগৃহীত

দেশের ধর্মপ্রাণ মানুষের জন্য বহুল প্রতীক্ষিত ২০২৭ সালের হজ প্যাকেজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এবারের ঘোষণায় হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোর পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় দুটি পৃথক প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

বিমান ভাড়া কমানো হয়েছে প্রায় সাঁইত্রিশ হাজার টাকা।ঘোষণা অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনার ‘হজ প্যাকেজ-১’-এর মোট ব্যয় ধরা হয়েছে ছয় লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। অন্যদিকে তুলনামূলক সাশ্রয়ী খরচে হজ পালনের সুযোগ রাখতে ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ইচ্ছুকদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় নিবন্ধন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে হবে।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীদের আর্থিক স্বস্তি দিতে এবার বিমান ভাড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে গত বছরের তুলনায় খরচ কিছুটা হ্রাস পাবে। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনার অধীনে হজ পালনের প্যাকেজসমূহ বুধবার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে জানা গেছে।