মে ২১, ২০২৬, ০৯:৪৩ পিএম
সৌদি আরবে পৌঁছেই হজ কার্যক্রম মনিটরিং ও হজযাত্রীদের সেবার মান নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বুধবার সৌদি আরব পৌঁছে তিনি প্রথম দিনেই বিভিন্ন আন্তর্জাতিক বৈঠক ও হজ মিশনের কার্যক্রম তদারকিতে অত্যন্ত কর্মব্যস্ত সময় অতিবাহিত করেছেন।
দায়িত্ব পালনে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়ে তিনি হজ টিমের সদস্যদের শতভাগ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।যারা সৌদি আরবে এসে দায়িত্ব পালন না করে শুধু ঘোরাঘুরি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
মন্ত্রী জেদ্দার রিজ কার্লটন হোটেলে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রবিয়াহর আমন্ত্রণে বিশেষ বৈঠকে অংশ নেন। বৈঠকে হজযাত্রীদের সেবা উন্নয়ন, ভিড় ব্যবস্থাপনা এবং পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া, মন্ত্রী একই স্থানে অনুষ্ঠিত ৫০তম গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামেও আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। রাতে তিনি মক্কায় স্থাপিত মেডিকেল সেন্টার পরিদর্শন করে চিকিৎসক ও নার্সদের হজযাত্রীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেন।প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত হজযাত্রীদের খোঁজখবর রাখছেন এবং তাদের সেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ধর্মমন্ত্রী জানিয়েছেন, যারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে। তবে দায়িত্ব পালনে কোনো শৈথিল্য দেখা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভ্রমণ সুবিধাও কর্তন করা হতে পারে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন। ধর্মমন্ত্রীর এই আকস্মিক ও কঠোর নজরদারি হজ টিমের সদস্যদের মধ্যে দায়িত্ববোধের বার্তা পৌঁছে দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন