বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না: ডা. জুবাইদা রহমান

জাতীয় ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০৫:২০ পিএম

গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না: ডা. জুবাইদা রহমান

ছবি - সংগৃহীত

গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসাসংকট দূর করে একটি উন্নত, আধুনিক ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন যে আগামীর বাংলাদেশে যেন চিকিৎসার অভাবে কোনো গ্রামবাসীর প্রাণ ঝরে না যায় এবং প্রতিরোধযোগ্য কারণে কোনো অন্তঃসত্ত্বা মা বা নবজাতক যেন মৃত্যুবরণ না করে। 

বিশ্বমঞ্চে দৃষ্টান্ত স্থাপন করতে পারে এমন একটি স্বাস্থ্যকাঠামো নির্মাণের জন্য তিনি তরুণ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।গ্রামাঞ্চলে চিকিৎসকের ঘাটতি কাটিয়ে উঠতে দেশপ্রেম নিয়ে এগিয়ে আসার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।বৃহস্পতিবার রাজধানী ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডা. জুবাইদা রহমান পরিসংখ্যান তুলে ধরে জানান যে দেশে চিকিৎসক ও রোগীর অনুপাত প্রতি এক হাজারে শূন্য দশমিক আট তিন জন। অর্থাৎ বর্তমানে একজন চিকিৎসককে প্রায় বারোশ থেকে আঠারশ রোগীকে সেবা দিতে হয়, যা গ্রামাঞ্চলে আরও বেশি জটিল আকার ধারণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ডের তুলনায় দেশের স্বাস্থ্যখাতে জনবলের ঘাটতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তরুণ প্রজন্মের চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন যে দেশের মেধাবী ও সুযোগ্য সন্তান হিসেবে তাদের ওপরই দেশবাসীর স্বাস্থ্যসেবার মূল ভরসা নির্ভর করছে। চিকিৎসাশাস্ত্রের মতো মহান পেশায় অর্জিত মেধার সঠিক প্রয়োগ ঘটিয়ে অসুস্থ মানুষের কষ্ট লাঘব করাই তাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা ও আত্মতৃপ্তি হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।