শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

জ্বালানির দাম বাড়ানো হবে কি না জানালেন বাণিজ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০৪:০৬ পিএম

জ্বালানির দাম বাড়ানো হবে কি না জানালেন বাণিজ্যমন্ত্রী

ছবি - সংগৃহীত

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, গত কয়েক সপ্তাহ ধরে বাজারে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল এবং বর্তমানে সামান্য বৃদ্ধি পেলেও বড় কোনো পরিবর্তনের চিন্তা নেই। শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। 

দিনব্যাপী এই অনুষ্ঠানে চা-শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।ফ্রি মেডিকেল ক্যাম্পের এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্তত এক শ চা-শ্রমিককে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।এ সময় যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী। 

তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের ষাটটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে শুল্ক আরোপের যে ঘোষণা এসেছে, তাতে পূর্বের পরিস্থিতির সঙ্গে বর্তমান শুল্ক ব্যবস্থার বাস্তবায়নে কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বের নীতি অনুযায়ী নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় একই হারে শুল্ক বহাল রাখা হয়েছে, যা কেবল নতুন নামে কার্যকর করা হয়েছে। ফলে সামগ্রিক বাণিজ্যে এর কোনো নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে মন্তব্য করেন তিনি।চা-শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মন্ত্রী আরও জানান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও ব্যাপকভাবে পরিচালনা করা হবে। অনুষ্ঠানে উপস্থিত শ্রমিকরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সার্বিক কার্যক্রমে সংশ্লিষ্ট সকলে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।