জুলাই ২৫, ২০২৬, ০৮:৫৯ পিএম
জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহে সৃষ্ট সাময়িক সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।শনিবার যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কথা জানান তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী গ্যাস সরবরাহের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।
তিনি বলেন, দেশের দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট বা এফএসআরইউর মাধ্যমে আমদানিকৃত এলএনজি গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এই গ্যাসের ওপর ভিত্তি করেই দেশের বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা, বাসাবাড়ি এবং সিএনজি স্টেশনের কার্যক্রম সচল থাকে। বর্তমানে একটি এফএসআরইউতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। পেট্রোবাংলা ও একটি বেসরকারি কোম্পানি যৌথভাবে এটি মেরামতের কাজ করছে এবং জ্বালানি বিভাগ সার্বক্ষণিক তা তদারকি করছে।
অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে এবং গ্যাসের চাপ আগের মতো ফিরে আসবে বলে আশ্বস্ত করেন তিনি।সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে নৈতিক শিক্ষার প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, নৈতিক মূল্যবোধের অভাব থেকেই রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষকে ঘায়েল করতে একশ্রেণির মানুষ গুজব ছড়াচ্ছে। সমাজের এই নৈতিক মূল্যবোধের জায়গাটি পুনরুদ্ধার করার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য রাখেন।পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলো নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন