জুলাই ২৬, ২০২৬, ০৭:১৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি মুশফিকুর রহমান (সংসদ সদস্য)-এর সভাপতিত্বে আজ রোববার (২৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে `বাংলাদেশ ব্যাংক এবং মুদ্রানীতি` শীর্ষক একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
প্রেজেন্টেশন শেষে উপস্থিত সদস্যরা উত্থাপিত বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোচনায় অংশ নেন।বৈঠকে কমিটির সদস্য ও অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী (সংসদ সদস্য), চিফ হুইপ মো. নূরুল ইসলাম (সংসদ সদস্য) এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম (সংসদ সদস্য) উপস্থিত ছিলেন।
এছাড়া কমিটির অন্য সদস্য মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন এবং মো. আবুল হাসনাত অংশগ্রহণ করেন। তারা দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি ও ব্যাংক খাতের প্রশাসনিক নীতি সংস্কার নিয়ে নিজ নিজ অভিমত প্রকাশ করেন।
সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন