জুলাই ২৭, ২০২৬, ১০:১৯ এএম
দুই মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে চলা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের পর্দা নামছে আজ। সোমবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই জমকালো সমাপনী অনুষ্ঠান ও জাতীয় পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
আর্মি স্টেডিয়ামে আজ বসছে খুদে অ্যাথলেটদের এই মহাসমাবেশ।বিকেলে ভেন্যুতে পৌঁছে প্রধানমন্ত্রী রাজশাহী ও রংপুরের মধ্যকার বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এরপর বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শেষে সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন এবং শিশু শিল্পীদের পরিবেশনায় থিম সং ও নৃত্য উপভোগ করবেন আমন্ত্রিত অতিথিরা। প্রধান অতিথির ভাষণ শেষে বিজয়ী প্রতিভাবান খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, দেশের সব উপজেলা ও জেলা থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় এক লাখ ৭০ হাজার শিশু-কিশোর এই ক্রীড়া উৎসবে অংশ নেয়। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টস — এই আটটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছে। দেশজুড়ে বিভিন্ন ভেন্যুতে আঞ্চলিক পর্ব শেষে ২০ জুলাই ঢাকায় জাতীয় পর্ব শুরু হয়, যেখানে প্রায় এক হাজার ৭০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নেন।
প্রতিযোগিতায় উঠে আসা সেরা খেলোয়াড়দের বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এসব খুদে প্রতিভাকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিভিন্ন শাখায় রেখে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন