জুলাই ২৮, ২০২৬, ০৭:৩৮ পিএম
দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত শিক্ষা মন্ত্রণালয় সশরীরে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের পরিদর্শনে তিনি দপ্তরের সামগ্রিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষাব্যবস্থার গুণগত মান উন্নয়নে প্রশাসন ও মাঠপর্যায়ের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।পর্যালোচনা সভায় শিক্ষা খাতের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। শিক্ষা ব্যবস্থার মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষমুখী করা, কার্যকর পাঠদান নিশ্চিতকরণ এবং শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়ার বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
পাশাপাশি প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও সুদৃঢ় করার নির্দেশ দেন সরকারপ্রধান।মাঠপর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তাদের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা মনোযোগ দিয়ে শোনেন। নীতি নির্ধারণ ও তা বাস্তবায়নের ক্ষেত্রে মাঠের পরামর্শকে যথাযথ মূল্য দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন যে, দেশের প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
এজন্য শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সমন্বিত ও সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়নের ধারা অব্যাহত থাকবে।পরিদর্শন শেষে শিক্ষা মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন