বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন

জাতীয় ডেস্ক

জুলাই ২৯, ২০২৬, ০৪:৪০ পিএম

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নয় সদস্যের একটি নতুন নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।গত সোমবার এই প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ধারা ১৩ অনুযায়ী এই নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এছাড়া পদাধিকারবলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, পুনর্গঠিত এই নির্বাহী কমিটি ট্রাস্টের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণমূলক কার্যক্রম তদারকি এবং সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে ট্রাস্টের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।