জুলাই ৩০, ২০২৬, ১০:৩৫ এএম
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সতেরো বছরের নিরন্তর সংগ্রামের মাধ্যমেই মূলত দুই হাজার চব্বিশ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি এই কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সতেরো বছরের নিরন্তর রক্তঝরানো সংগ্রামের মধ্য দিয়ে বিপুল শক্তি নিয়ে ছাত্র-জনতার বিস্ফোরণ ঘটেছিল। দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে যে অভিনব প্রতিরোধ ও প্রতিবাদের আবহ তৈরি করেছিল, দেশের ইতিহাসে তা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। অসংখ্য ছাত্র-ছাত্রী ও কিশোর-কিশোরীর আত্মত্যাগ এবং আত্মাহুতির মধ্য দিয়ে এক ভয়ংকর রক্তপিপাসু দানবীয় ফ্যাসিবাদের পতন ঘটেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা এবং নির্ভয়ে চলাচলের নিশ্চয়তা। এসব অধিকার অর্জনের জন্য বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সতেরো বছর ধরে লড়াই চলেছে। সেই প্রেক্ষাপটেই সমাজে আরেকটি আন্দোলনের পটভূমি তৈরি হয়, যার ওপর দাঁড়িয়ে ছাত্র-ছাত্রী, জনতা ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষের অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছিল।
জুলাইয়ের চূড়ান্ত পরিণতি ঘটে পাঁচ আগস্ট এবং সেদিনই অবসান ঘটে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের — উল্লেখ করে তিনি জানান, এ উপলক্ষে গত বছর বিএনপি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছিল। এবারও দলের বিভিন্ন অঙ্গসংগঠন এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। দলের পক্ষ থেকে কর্মসূচিগুলো আরও সুসংগঠিতভাবে পালনের লক্ষ্যে আগামী চার আগস্ট মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন এবং সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন