রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ১২:১৯ পিএম

বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নিজের কার্যালয়ে দাপ্তরিক কর্মদিবসের শুরুতেই তিনি সমাজের পিছিয়ে থাকা তিন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দিয়েছেন।বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় এই তিনজন প্রতিভাবান ও সংগ্রামী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। কর্মসংস্থানের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত তিনজনের মধ্যে রয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী। জন্ম থেকেই দুই হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করা আয়শা আক্তার মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

এ ছাড়া দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ প্রদান করা হয়েছে।প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা গভীর আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের এই অর্জন নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নের সূচনা করেছে বলে জানান তারা।

নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব। এ সময় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।