রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে নতুন উদ্যোগ

জাতীয় ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ০৫:৩৩ পিএম

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে নতুন উদ্যোগ

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও তাঁদের পরিবারের জীবনমান উন্নয়ন এবং কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এক পদ এক বেতন নীতি বাস্তবায়নের কাজ দ্রুত শুরু করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এ কে এম শামছুল ইসলাম। বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশ দেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর হোসাইন ভূইয়া। এ সময় উপদেষ্টা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের দাবি ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে সমপদের জন্য সমান বেতন নীতি কার্যকরের প্রক্রিয়া ত্বরান্বিত করার কথা জানান।

জেলা পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে প্রতিটি জেলার সশস্ত্র বাহিনী বোর্ডকে শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। প্রশাসনিক ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা সেবার সম্প্রসারণে অবসরপ্রাপ্ত সৈনিক ও তাঁদের পরিবারের জন্য জীবন রক্ষাকারী ওষুধ সংগ্রহের পরিমাণ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। এর অংশ হিসেবে একষট্টিটি জেলায় ওষুধ সংগ্রহের লক্ষ্যে মেডিক্যাল স্টোরের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রাক্তন সৈনিকদের সম্মানজনক জীবনযাপন ও টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে ঠাকুরগাঁও, গাইবান্ধা এবং দিনাজপুর জেলায় ডিফেন্স কলোনি গড়ে তোলার কথা জানান উপদেষ্টা। এছাড়া দেশের সেবায় নিবেদিত এসব সেনাসদস্যের অর্জিত অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের সম্মানজনক শেষ বিদায় নিশ্চিত করতে অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্য অনুষ্ঠানে বোর্ডের সহায়তা আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।