রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত

জাতীয় ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ১০:০৮ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। শনিবার সকাল সোয়া নয়টার দিকে সরকারি কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়। দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিরসনের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে।তিন দিনের সফরে গত ৩০ জুলাই ঢাকায় আসেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।

ঢাকায় পৌঁছে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। এরপর গত শুক্রবার তিনি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির ও মানবিক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। উখিয়া উপজেলা সদরের একটি ক্যাফেতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি দীর্ঘ বৈঠক করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা সংকটের শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ দাতা দেশ হিসেবে সহায়তা প্রদান করে আসছে। মূলত যুক্তরাষ্ট্রের প্রদত্ত অনুদানগুলো কীভাবে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে, তা পর্যবেক্ষণ করার জন্যই এই সফর। মাঠপর্যায়ে সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রম দেখে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এদিকে মার্কিন প্রতিনিধিদলের সফরকালে রোহিঙ্গারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে মর্যাদা ও নিরাপত্তার সাথে নিজ দেশে প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন। এ সময় তারা সড়কের পাশে দাঁড়িয়ে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন।