রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জনগণের প্রত্যাশা পূরণ করাই সরকারের মূল দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০৬:০৩ পিএম

জনগণের প্রত্যাশা পূরণ করাই সরকারের মূল দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

ছবি : সংগৃহীত

মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য এবং কে কী মন্তব্য করল তা নিয়ে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করাই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। শনিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।মন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক সমালোচনায় বিভ্রান্ত না হয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করার ওপর তিনি বিশেষ জোর দেন। দেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি জানান যে প্রত্যেকটি উপজেলায় নাগরিকদের বৃক্ষ রোপণে উৎসাহ দিতে এই মেলার আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে সমাজকল্যাণমন্ত্রী নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের মেরামত ও সৌন্দর্যবর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপকারভোগীদের মাঝে তেইশটি সেলাই মেশিন, শিক্ষাপ্রতিষ্ঠানের বায়ান্ন জন শিক্ষার্থীর মাঝে শিক্ষবৃত্তি এবং ছত্রিশ জন দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।