আগস্ট ৩, ২০২৬, ১১:৩৮ এএম
রাজধানীর বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে আজ সোমবার থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের আশা, আমদানি করা কাঁচামরিচ বাজারে পৌঁছাতে শুরু করলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
রোববার শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সাংবাদিকদের এই তথ্য জানান।বর্তমানে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এই দাম ২০০ টাকার আশপাশে থাকলেও কিছুদিন আগে তা ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। ব্যবসায়ীরা জানিয়েছেন, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ কমে গেছে। এর সঙ্গে ভারত থেকে আমদানি বন্ধ থাকায় বাজারে সংকট তৈরি হয়।
কারওয়ান বাজার ও টাউন হল বাজার ঘুরে দেখা গেছে, মরিচের চড়া দামে ক্রেতারা বিপাকে পড়েছেন।ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে। এই পরিস্থিতিতে অত্যাবশ্যকীয় নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী এবং খাদ্য প্রতিমন্ত্রী অংশ নেন।কৃষিমন্ত্রী জানান, বাজার স্থিতিশীল রাখতে এবং কৃত্রিম সংকট রোধে সরকার কঠোর নজরদারি রাখছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন