আগস্ট ৩, ২০২৬, ১০:০৫ পিএম
চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফরের এই দিনটি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর।
এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। নির্ধারিত দিন তিনি দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন এবং বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য নবনির্মিত বাড়িগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া তার অবতরণের জন্য প্রয়োজনীয় হেলিপ্যাড প্রস্তুতের কাজও চলছে।
বাঁশখালীতে একটি সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরসূচি আনুষ্ঠানিকভাবে পুরোপুরি হাতে পাওয়ার পর সেই অনুযায়ী যাবতীয় নিরাপত্তা ও দাপ্তরিক প্রস্তুতি সম্পন্ন করা হবে।
তথ্যসূত্র: বাসস

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন