আগস্ট ১০, ২০২৬, ১১:১১ পিএম
বিদেশিদের বাংলাদেশে যাতায়াত সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে ‘ভিসা নীতিমালা ২০২৬’-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করার পাশাপাশি পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করতে এই নতুন নীতিমালার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নতুন এই নীতিমালায় ভিসার ক্যাটাগরি আগের ৩৩টি থেকে বাড়িয়ে ৩৪টি করা হয়েছে।২০০৬ সালের ভিসা নীতিমালার পর দীর্ঘ দুই দশক পর এই যুগোপযোগী ফ্রেমওয়ার্ক প্রণীত হলো। এর অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশে প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা। জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার পাশাপাশি পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা ঢেলে সাজানো হচ্ছে।
পূর্ববর্তী সব ভিসাসংক্রান্ত নির্দেশনা বাতিল করে এই সমন্বিত ব্যবস্থাটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহ এটি যৌথভাবে বাস্তবায়ন করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন