আগস্ট ১১, ২০২৬, ১১:০৫ এএম
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি নিতে আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বেলা এগারোটার দিকে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে অংশ নেবেন।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আনুষঙ্গিক বিষয় নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানা গেছে।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী কুড়ি আগস্ট দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংসদকক্ষে রাষ্ট্রপতি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিরোধী জোটের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হলেও ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এখনো প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি। শেষ পর্যন্ত একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর দেশে আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
বিগত সাতটি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও এবারের রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। বিরোধীদের প্রার্থী দেওয়ার ঘোষণার পর নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি জোরদার করেছে। তারই ধারাবাহিকতায় আজ ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির এই যৌথ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন