রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার প্রেসিডেন্ট স্টিফেন কার্পিনের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ১২:৩৩ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার প্রেসিডেন্ট স্টিফেন কার্পিনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে ভিসার পক্ষ থেকে বিশেষ আগ্রহ প্রকাশ করা হয়েছে।

ডিজিটাল আর্থিক সেবা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন স্টিফেন কার্পিন।ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট জানান, বাংলাদেশের বিপুল সংখ্যক ব্যাংক অ্যাকাউন্টধারী এখনো কার্ড ব্যবহারের আওতায় নেই, তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বৃদ্ধিতে ভিসা প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে কাজ করতে চায়। 

তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ এবং দ্রুত করার লক্ষ্যে ভিসা আগ্রহী। পাশাপাশি মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়ের মতো জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ডিজিটাল অর্থনীতির প্রসার ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা জানান। বিশেষ করে ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় দেশে আনার সহজ প্রক্রিয়া এবং দেশে প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, বিডার নির্বাহী চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।