রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি স্বাক্ষর

জাতীয় ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ০৭:২৪ পিএম

বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি স্বাক্ষর

দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকা দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার জন্য আজ মঙ্গলবার সরকারিভাবে দুটি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের বা বিজেএমসির সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ এবং হ্যামকো গ্রুপের এই চুক্তি সম্পন্ন হয়।চুক্তির আওতায় প্রায় ছয়শ উনিশ কোটি টাকা বিনিয়োগ করা হবে এবং এর মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয় যে সিরাজটঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড এবং খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। এছাড়া খুলনার খালিশপুরে অবস্থিত প্লাটিনাম জুবিলী জুবিলী জুট মিলস লিজ পেয়েছে হ্যামকো গ্রুপ। বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার এবং সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, এই তিনটি মিল চালুর মাধ্যমে প্রায় এগারো হাজার ছয়শ ঊনত্রিশ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বার্ষিক টার্নওভার প্রায় এক হাজার একশ পঁচাত্তর কোটি টাকা হতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এর মধ্যে সিরাজগঞ্জের মিলে একশ সাতান্ন কোটি, খুলনার স্টার মিলে আড়াইশ কোটি এবং প্লাটিনাম মিলে দুইশ বারো কোটি টাকা বিনিয়োগ করা হবে।

বিজেএমসির উৎপাদন বন্ধ থাকা পঁচিশটি মিলের মধ্যে ইতোমধ্যে কুড়িটি মিল বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।