সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মির্জা ফখরুল হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ০২:১০ পিএম

মির্জা ফখরুল হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন দলের শীর্ষ নেতৃত্ব।বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির মহাসচিব ও দলের স্থায়ী কমিটির পদ থেকে তিনি পদত্যাগ করেছেন বলে জানানো হয়েছে।রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন ভবনে নির্বাচনি কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।ইতিমধ্যে অন্য একটি রাজনৈতিক জোটের প্রার্থীর পক্ষেও রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী ১৬ আগস্ট তা বাছাই করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নব্বইয়ের দশকের পর এবারই রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপির পাশাপাশি অন্য পক্ষের প্রার্থী থাকায় এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৬ সালের ৩০ মার্চ থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১১ সাল থেকে পাঁচ বছর তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।