আগস্ট ১৫, ২০২৬, ১০:৫৮ এএম
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম বেগম খালেদা জিয়া। একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে তিনি ‘আপসহীন’ নেত্রীর উপাধি পেয়েছিলেন। আগামীকাল ১৫ আগস্ট দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রীর ৮২তম জন্মদিন।তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান ছিলেন।
স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হাল ধরেছিলেন তিনি। নানা নিপীড়ন ও সংকটের মুখেও তাঁর দৃঢ় নেতৃত্বে দলটি বারবার ঘুরে দাঁড়িয়েছে। গত বছর ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।তাঁর জানাজায় লাখ লাখ মানুষ অংশ নিয়েছিলেন।
বর্তমানে তাঁর বড় ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে চব্বিশের গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দলের নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বেই চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করে।বেগম খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট, ভারতের জলপাইগুড়িতে।
দেশভাগের পর তাঁর পরিবার দিনাজপুরে স্থায়ী হয়। সেখানেই তাঁর শৈশব ও শিক্ষাজীবন কাটে। ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৬৩ সালে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি। ১৯৬০ সালের ৫ আগস্ট তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়।
তাঁদের দুই ছেলে — তারেক রহমান ও আরাফাত রহমান কোকো।১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলে খালেদা জিয়া সন্তানদের নিয়ে আত্মগোপনে যান। পরে ২ জুলাই ঢাকা থেকে তিনি গ্রেফতার হন এবং ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়া পর্যন্ত বন্দি থাকেন। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার পর তাঁর জীবনে নেমে আসে ঘোর অমানিশা।
তৎকালীন রাজনৈতিক অস্থিরতার মধ্যে ১৯৮২ সালে তিনি বিএনপিতে যোগ দেন।স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি আপসহীন নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের পতনের পর, ১৯৯১ সালের নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। নারী শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও কর্মসংস্থানে তাঁর সরকারের উল্লেখযোগ্য সাফল্য ছিল।
এরপর ১৯৯৬ ও ২০০১ সালেও তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের সময় তাঁকে গ্রেফতার করা হয়। এরপর দীর্ঘ সময় ধরে তিনি নানা রাজনৈতিক মামলা ও প্রতিহিংসার শিকার হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে তাঁকে কারাবরণ করতে হয়।
কারাগারে থাকা অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।২০২০ সালে করোনা মহামারির সময় তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পুরোপুরি মুক্তি লাভ করেন। আগামীকাল তাঁর প্রথম জন্মবার্ষিকীতে দেশজুড়ে দোয়া মাহফিলের মাধ্যমে তাঁকে স্মরণ করবে দলীয় নেতাকর্মীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন