রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

জাতীয় ডেস্ক

আগস্ট ১৭, ২০২৬, ০৫:৪৭ পিএম

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উভয় দেশের প্রতিনিধিরা পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের চমৎকার ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক স্মরণ করেন। আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কানাডার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ। সামরিক প্রযুক্তি আদান-প্রদান, কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষই গভীর আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়। দ্বিপক্ষীয় এই উদ্যোগের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সুসংহত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।