আগস্ট ১৮, ২০২৬, ০৬:০৬ পিএম
প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতার পরিবর্তে খেলাধুলা ও আনন্দের মাধ্যমে শিশুদের শেখানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বা নেপ আয়োজিত ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক কর্মশালায় তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, মুখস্থ করানোর মাধ্যমে শিশুদের কার্যকর ও টেকসই শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়, তাই আনন্দের মাধ্যমে শিক্ষার পরিবেশ তৈরি করাই এখন অন্যতম লক্ষ্য।
খেলায় খেলায় শেখার মাধ্যমে শিশুদের মধ্যে ক্রিটিক্যাল থিংকিং, সমস্যা সমাধান ও চিন্তাশক্তির বিকাশ ঘটাতে খেলাভিত্তিক পদ্ধতি অত্যন্ত কার্যকর বলে মন্তব্য করেন ববি হাজ্জাজ। এ লক্ষ্য অর্জনে বিদ্যালয়ের অবকাঠামো শিশুবান্ধব ও খেলাভিত্তিক শিক্ষার উপযোগী করে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। স্থানীয় পর্যায়ের খেলাগুলোকে পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করার পাশাপাশি বিদ্যালয়ের শ্রেণি ব্যবস্থাপনা ও পরিবেশেও জবাবদিহি নিশ্চিত করার কথা জানান প্রতিমন্ত্রী।
নেপ ও সহযোগী প্রতিষ্ঠানগুলো স্থানীয় পর্যায়ে প্রচলিত প্রায় ৪১২টি খেলা এরই মধ্যে নথিভুক্ত করেছে, যা বিদ্যালয়ে ব্যবহারের জন্য উপযোগী। এর বাইরে স্থানীয়ভাবে প্রচলিত ৭০০টিরও বেশি খেলাকে নিয়মবদ্ধ করে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিস্তারিত কাজ চলছে। চীন ও জাপানের অভিজ্ঞতাকে উদাহরণ হিসেবে তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পাঠ্যবই ও পাঠ্যক্রমের সঙ্গে খেলনা ও খেলার সমন্বয় কীভাবে করা যায়, তা নিয়ে এনসিটিবির সঙ্গে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে দ্রুতই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে একটি নতুন বিষয় অন্তর্ভুক্তির প্রস্তুতি নিচ্ছে এনসিটিবি। বিশ্বব্যাপী করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও শিখন ঘাটতি পূরণে এই পদ্ধতিকে বিশেষজ্ঞরা সর্বোত্তম উপায় হিসেবে দেখছেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও আনন্দময়, নিরাপদ ও কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন