আগস্ট ১৯, ২০২৬, ১১:৪৯ পিএম
মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। বর্তমানে নির্ধারিত ভয়েস কলের সর্বনিম্ন ট্যারিফ বা ফ্লোর প্রাইস কমানোর বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক গণশুনানিতে গ্রাহকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানানো হয়।
টেলিযোগাযোগ সেবার মান, নেটওয়ার্ক কাভারেজ, কলড্রপ এবং ভয়েস ও ডাটার দামসহ বিভিন্ন বিষয়ে গ্রাহকদের নানা প্রশ্নের উত্তর দেন বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। জামালপুর থেকে অংশ নেওয়া এক গ্রাহকের প্রশ্নের জবাবে কমিশন জানায়, বর্তমানে ভয়েস কলের সর্বনিম্ন রেট পয়তাল্লিশ পয়সা এবং সর্বোচ্চ রেট দুই টাকা। সাধারণ গ্রাহকদের আর্থিক সুবিধার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে সর্বনিম্ন রেট কমানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং হাওর অঞ্চলের দুর্গম এলাকায় সংযোগ শক্তিশালী করতে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়।বিদ্যুৎ চলে যাওয়ার সময় নেটওয়ার্ক সচল রাখতে টাওয়ারগুলোর অবস্থা সরাসরি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।পাশাপাশি মাস্কিং ছাড়া আসা এসএমএস এবং ওটিপি প্রাপ্তির দীর্ঘসূত্রিতা দূর করতে ধাপে ধাপে কাজ চলছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
গণশুনানিতে জানানো হয়, গ্রাহকদের অভিযোগের দ্রুত সুরাহা করতে ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত জমা হওয়া তেরো হাজার নয়টি অভিযোগের মধ্যে প্রায় ছিয়াশি শতাংশ সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া গ্রাহকদের সরাসরি মতামত ও পরামর্শ শুনতে এখন থেকে প্রতি মাসে অন্তত একবার নিয়মিত গণশুনানির আয়োজন করবে বিটিআরসি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন