আগস্ট ২২, ২০২৬, ০৫:৫৪ পিএম
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত এক চিকিৎসককে দেখতে গিয়ে তিনি এ কঠোর হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন প্রয়োগে কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না।
যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবে বা এসব অপরাধে সম্পৃক্ত থাকবে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্যকে পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ দেশের সব মেট্রোপলিটন এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের তালিকা তৈরি করে দ্রুত তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি। কোনো বাহিনীর সদস্য এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।চিকিৎসকদের ওপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। অপরাধীদের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকে আরও কঠোর অবস্থানে থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন