বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০৬:৪৭ পিএম

গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুমকে অন্যতম ভয়ংকর ও মানবাধিকারের চরমতম লঙ্ঘন বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে ইতোমধ্যে বিচার কার্যক্রম শুরু করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মানবতাবিরোধী অপরাধ রোধে পৃথক আইনি কাঠামো প্রণয়ন করা হচ্ছে।

রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার ৭ শতাধিক মানুষকে গুম করেছিল।বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গুম কেবল একটি সংখ্যা বা মানুষের হারিয়ে যাওয়া নয়; এর সঙ্গে একটি পরিবারের স্বপ্ন ও দীর্ঘ অপেক্ষার গভীর বেদনা জড়িত থাকে। ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক ভিন্নমত দমন করতে গোপন বন্দিশালা তৈরি করা হয়েছিল, যা পরবর্তীতে ‘আয়নাঘর’ নামে পরিচিতি লাভ করে। 

বর্তমান সরকার এই অন্ধকার অধ্যায়ের বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।তিনি আরও জানান, জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। এই বিলগুলো আইনে পরিণত হলে ভবিষ্যতে কেউ আর গুম বা অপহরণের মতো জঘন্য অপরাধ করার সাহস পাবে না। 

আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সনদের আলোকে গুমের দৃষ্টান্তমূলক বিচারের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।এবারের আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য ‘ভিক্টিমস ফার্স্ট, অ্যাকশন্স নাউ’-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রধানমন্ত্রী এই মনুষ্যত্বহীন অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্ববাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।