বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

জাতীয় ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ১০:৫২ এএম

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

Ai - ছবি

আজ ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুমের শিকার ব্যক্তিদের সম্মান জানানো, তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ এবং বিশ্বব্যাপী এ ধরনের অপরাধের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভিক্টিমস ফার্স্ট, অ্যাকশন্স নাও’।দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, বিগত সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বহু মানুষকে গুম করা হয়েছিল।

গুম ও অপহরণের শিকার ব্যক্তিদের আটকে রাখতে বিভিন্ন স্থানে গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ তৈরি করা হয়েছিল বলে ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করে আসছে। দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন যে গুম শুধু একজন ব্যক্তির হারিয়ে যাওয়া নয়, এর মধ্য দিয়ে একটি পরিবারের স্বপ্ন ও আকাঙ্ক্ষার মৃত্যু ঘটে। বর্তমান সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে বলে তিনি জানান।

সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের নিখোঁজ হওয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর এসব অভিযোগের তদন্ত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার দাবি জোরালো হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল-২০২৬’ উত্থাপন করা হয়েছে।

প্রস্তাবিত এই আইনে গুমকে স্বতন্ত্র, আমলযোগ্য ও জামিন-অযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের অধিকার সংরক্ষণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের অমানবিক সংস্কৃতির চিরতরে অবসান ঘটানোই এই আইনের মূল উদ্দেশ্য।