আগস্ট ৩০, ২০২৬, ১২:০৮ পিএম
জীবনের দীর্ঘ সঞ্চয়ে গড়া একটি বাড়ি কিংবা এক টুকরো জমি অনেক সময় বাবা-মা তাঁদের সন্তানদের নামে লিখে দিতে চান। কিন্তু মনের ভেতরে কাজ করে এক অদৃশ্য ভয়—সম্পত্তি দিয়ে দেওয়ার পর নিজের ঘরেই নিজের জায়গা থাকবে তো? প্রবীণ ও অভিভাবকদের পরিচিত এই আশঙ্কার কথা মাথায় রেখে আইনি সুরক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি কিংবা স্বামী-স্ত্রীকে সম্পত্তি দান করার পরও জীবনের শেষ দিন পর্যন্ত তা ব্যবহার ও ভোগদখল করার আইনি সুযোগ রেখে ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই লক্ষ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান গত ২৭ আগস্ট জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয় এবং দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। পাস হলে নির্দিষ্ট রক্তসম্পর্কীয় ব্যক্তি ও স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দানের ক্ষেত্রে দাতার আজীবন ভোগদখলের অধিকার আইনগত স্বীকৃতি পাবে।
বর্তমানে সম্পত্তি দানের বিভিন্ন আইনি বিধান থাকলেও দাতা জীবদ্দশায় ভোগাধিকার নিজের কাছে রেখে দান করতে পারবেন—এমন কোনো সুনির্দিষ্ট বিধান আইনে ছিল না। ফলে সন্তান বা নিকটজনের ভবিষ্যৎ নিশ্চিত করতে গিয়ে অনেক সময় প্রবীণ বাবা-মাকে নিজেদের আবাসন ও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় পড়তে হতো। প্রস্তাবিত বিলে ১৮৮২ সালের আইনে নতুন ১২২ক ও ১২২খ ধারা সংযোজন করে ‘আজীবন ভোগদখলের অধিকার’ সংরক্ষণকে হস্তান্তরের স্বতন্ত্র পদ্ধতি হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, বাবা-মা তাদের সন্তান বা নাতি-নাতনিকে এবং নাতি-নাতনিরাও পিতা-মাতা কিংবা দাদা-দাদি ও নানা-নানিকে সম্পত্তি দান করতে পারবেন। স্বামী-স্ত্রীর মধ্যেও এই সুযোগ থাকবে, তবে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে নিবন্ধিত দলিলের মাধ্যমে তা সম্পন্ন করতে হবে। সবচেয়ে বড় দিক হলো, সম্পত্তি লিখে দেওয়ার পরও দাতা জীবিত থাকা পর্যন্ত তা ব্যবহার ও ভোগ করতে পারবেন। এমনকি গ্রহীতার মৃত্যু হলে বা উত্তরাধিকার পরিবর্তিত হলেও দাতার ভোগদখলের অধিকার বহাল থাকবে।
বিশেষ পরিস্থিতিতে পরিবর্তনের ব্যবস্থাও রাখা হয়েছে। চিকিৎসা, শিক্ষা বা পারিবারিক প্রকৃত প্রয়োজন দেখা দিলে দাতা ও গ্রহীতার পারস্পরিক সম্মতিতে এবং নিবন্ধিত দলিলের মাধ্যমে এ অধিকার পরিবর্তন বা প্রত্যাহার করা যাবে। অপ্রাপ্তবয়স্ক বা অক্ষম ব্যক্তির ক্ষেত্রে জেলা জজের অনুমোদনের বিধান রাখা হয়েছে। সরকারের মতে, এই আইন প্রচলিত দান বা হেবা ব্যবস্থাকে বাতিল করবে না, বরং সব ধর্মাবলম্বীর জন্য সম্পত্তি হস্তান্তরের একটি পৃথক মানবিক সুরক্ষা নিশ্চিত করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন