বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

জাতীয় ডেস্ক

আগস্ট ৩১, ২০২৬, ১১:৫১ এএম

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

ছবি : সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আজ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই সময় ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকা হালনাগাদে নতুন করে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন। হালনাগাদ শেষে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি পেছানো হলে নতুন ভোটার নিবন্ধনের সুযোগ আরও বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে তাদের সম্পূরক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ইসির সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, পূর্বে দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ছয় কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার এক হাজার ২৪৩ জন।

ইসি জানিয়েছে, আগামী নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল।