বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৬, ০২:২৩ পিএম

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়ায় পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সংশোধিত আকারে বিলটি সংসদে পাসের সুপারিশ করেছে কমিটি। বুধবার জাতীয় সংসদে এ সংক্রান্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।

কমিটির সুপারিশ অনুযায়ী কমিশনকে সুনির্দিষ্ট ক্ষেত্রে গ্রেপ্তারের ক্ষমতা প্রদান করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকালে কোনো আমলযোগ্য অপরাধের ঘটনা দেখতে পেলে এবং সংশ্লিষ্ট থানায় মামলা থাকলে কমিশন আসামিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করতে পারবে। এছাড়া যেকোনো ঘটনার স্বাধীন তদন্ত করার এখতিয়ারও কমিশনে থাকছে এবং সেই তদন্ত প্রতিবেদন আদালতে সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। 

জাতিসংঘের নির্যাতনবিরোধী প্রটোকলের আলোকে গঠিত নতুন ব্যবস্থাপনা ইউনিট পূর্বানুমতি ছাড়াই দেশের যেকোনো আটককেন্দ্র, হাজতখানা ও সেফ হোম পরিদর্শন করতে পারবে। কমিটি নিয়োগের ক্ষেত্রে একজন নারী ও একজন নৃগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে। 

গত ২৭ আগস্ট আইনমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেছিলেন। ২০০৯ সালের আইন রহিত করে কমিশনকে আরও কার্যকর ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে নতুন এই আইনি কাঠামো প্রণয়ন করা হয়েছে। আজ সংসদে প্রতিবেদন উপস্থাপনের পর বিলটি পাসের জন্য বিবেচনায় আসার কথা রয়েছে।