সেপ্টেম্বর ২, ২০২৬, ০৭:১২ পিএম
চলতি ২০২৬ সালের শেষ চার মাসে সরকারি চাকরিজীবীদের জন্য নির্ধারিত সাধারণ ও নির্বাহী ছুটি মিলিয়ে মোট ছয় দিনের অবকাশ রয়েছে। তবে এই ছয় দিনের মধ্যে তিনটি ছুটিই পড়েছে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে। ফলে কর্মদিবসের অতিরিক্ত ছুটি হিসেবে কর্মকর্তা-কর্মচারীরা কাটাতে পারবেন মাত্র তিন দিন।ছুটির হিসাব বিশ্লেষণ করে এই চিত্র দেখা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী উপলক্ষে ৪ সেপ্টেম্বর শুক্রবার ছুটি থাকবে, যা সাপ্তাহিক ছুটির সাথে মিলে গেছে। এরপর অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে দুই দিন কর্মদিবসে ছুটি মিলবে। পরবর্তীতে সরকার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পুনর্বহাল করে সরকারি ছুটি ঘোষণা করলেও দিনটি পড়েছে শনিবার। ফলে এই দিনেও কোনো বাড়তি কর্মদিবসের ছুটি পাওয়া যাবে না।
বছরের শেষ মাস ডিসেম্বরে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বুধবার সরকারি ছুটি রয়েছে, যা কর্মদিবসে পড়েছে। অপরদিকে ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিনের ছুটি শুক্রবারের নিয়মিত সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। সব মিলিয়ে ২০ ও ২১ অক্টোবর এবং ১৬ ডিসেম্বর—এই তিন দিনই কেবল নিয়মিত কর্মদিবসের বাইরে বাড়তি ছুটির সুযোগ থাকছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশ মূলত সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরাসরি কার্যকর হবে। বেসরকারি শিল্প-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির বিষয়টি নিজস্ব বিধিবিধান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালার ওপর নির্ভর করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন