সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৮:৫১ এএম
গণতন্ত্রে সরকারের গঠনমূলক সমালোচনার পূর্ণ সুযোগ রয়েছে উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বিরোধী দলগুলোর রাজনৈতিক কার্যক্রমে সরকার কোনো বাধা সৃষ্টি করবে না। তবে আন্দোলনের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটানো কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করা হলে তা বরদাশত করা হবে না। রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।
আইনশৃঙ্খলা রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী আরও বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা না থাকলেও জননিরাপত্তা বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, রাতারাতি কোনো স্থায়ী পরিবর্তন আনা সম্ভব নয়, তবে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য সরকার সুনির্দিষ্ট ও প্রক্রিয়াগত পদক্ষেপ গ্রহণ করেছে। শুধু আইনি প্রক্রিয়া নয়, বরং পাহাড়ি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থানীয়দের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মো. আব্দুর রকিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিকভাবে তদারকি করার জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়। স্থানীয় জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে প্রশাসন সদা তৎপর রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন