বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সম্পত্তিতে বাবা-মার আজীবন অধিকার নিশ্চিত করে আইন পাস

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৬, ১০:৪৭ পিএম

সম্পত্তিতে বাবা-মার আজীবন অধিকার নিশ্চিত করে আইন পাস

ছবি : সংগৃহীত

সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন পিতা-মাতার ভোগদখল করার অধিকার নিশ্চিত করে জাতীয় সংসদে বহুল আলোচিত সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল ২০২৬ পাস হয়েছে। রোববার রাতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। তবে ধর্মীয় অনুশাসনের পরিপন্থী দাবি করে বিরোধী দলের সংসদ সদস্যরা বিলটি পাসের প্রক্রিয়া বর্জন করে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।

অসহায় ও প্রবীণ অভিভাবকদের সামাজিক সুরক্ষা দিতেই এই যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। পাস হওয়া আইনের বিধান অনুযায়ী, পিতা-মাতা বা পিতামহ-মাতামহ কর্তৃক সন্তান বা নাতি-নাতনিকে অথবা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দান করার পরও দাতা জীবিত থাকা পর্যন্ত তা নিজের মতো ভোগ করতে পারবেন। দাতার জীবদ্দশায় গ্রহীতার মৃত্যু হলে ভোগাধিকার বহাল থাকবে এবং আইন অনুযায়ী তা গ্রহীতার ওয়ারিশদের নিকট স্থানান্তরিত হবে। 

আইনমন্ত্রী সংসদে স্পষ্ট করেন যে এটি বিদ্যমান মুসলিম আইনের হেবা বা অন্য কোনো সম্পত্তি হস্তান্তরের ওপর প্রভাব ফেলবে না, বরং সব ধর্মাবলম্বীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য একটি স্বতন্ত্র পদ্ধতি হবে।

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বিলটিকে ধর্মীয় মূলনীতির পরিপন্থী আখ্যা দিয়ে এর কঠোর বিরোধিতা করেন। আইনমন্ত্রী বিরোধীদের আপত্তি নাকচ করে জানান যে প্রবীণ বয়সে সন্তান কর্তৃক পিতা-মাতার বঞ্চনা রোধেই রাষ্ট্র এই আইন প্রণয়ন করেছে।