বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিপিএল কেন হচ্ছে না তা খতিয়ে দেখা দরকার: প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৬, ১১:৩৩ পিএম

বিপিএল কেন হচ্ছে না তা খতিয়ে দেখা দরকার: প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশের প্রধান ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল চলতি বছর স্থগিত রাখার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি মন্তব্য করেন যে এই ধরনের বৃহৎ ও জনপ্রিয় একটি ঘরোয়া প্রতিযোগিতা প্রতি বছর মাঠে গড়া উচিত এবং কেন টুর্নামেন্টটি হচ্ছে না তা নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে।

ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত করতে সরকারি নজরদারির আশ্বাস দেন তিনি। প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে বিসিবি সভাপতির নিজস্ব কিছু যৌক্তিক ব্যাখ্যা থাকলেও বিষয়টি তাঁর আগে জানা ছিল না। অন্যদিকে ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের কাঠামোগত দুর্বলতা দূর করতে এবং আর্থিক লোকসান এড়াতে এক বছরের বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। 

বিগত আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক দায়বদ্ধতা, চুক্তি ও ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত জটিলতার কারণে নতুন ও আধুনিক কাঠামোতে পরবর্তী আসর আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। খেলোয়াড়দের সম্ভাব্য আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প উদ্যোগের কথা জানিয়েছে বিসিবি।

সংস্থাটি পুরুষ ও নারী উভয় ক্রিকেটারদের প্রথম শ্রেণি, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি ফরম্যাটের ঘরোয়া ম্যাচ ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটারদের পেশাদার সংগঠন কোয়াব এই বিরতির সিদ্ধান্ত মেনে নেওয়ায় আগামী বছর আরও সুসংগঠিতভাবে বিপিএল আয়োজনের প্রত্যাশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।