সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৩:২০ পিএম
রোগীর শারীরিক সুস্থতা ও দ্রুত নিরাময়ে সাধারণ চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ফিজিওথেরাপিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) এই অনুষ্ঠানের আয়োজন করে।
চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পেশাদার সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি। মন্ত্রী উল্লেখ করেন যে হৃদরোগ এবং স্ট্রোকের মতো জটিল রোগগুলো মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বড় ধরনের বাধা সৃষ্টি করে। বিশেষ করে স্ট্রোকের পর রোগীদের চলাফেরা ও দৈনন্দিন কর্মক্ষমতা ফিরিয়ে আনতে প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে দীর্ঘমেয়াদি পুনর্বাসন অত্যন্ত জরুরি। তবে চিকিৎসায় ভালো ফল পেতে ডাক্তার ও ফিজিওথেরাপিস্টদের একে অপরের প্রতিপক্ষ না হয়ে বরং সমন্বিতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, প্রতিরোধ এবং দ্রুত চিকিৎসার পাশাপাশি পুনর্বাসন প্রক্রিয়া স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও জানান যে শারীরিক ব্যায়াম ও ফিজিওথেরাপির ধরন সবার জন্য এক হয় না, তাই রোগীর বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মো. কামরুজ্জামান কল্লোল স্বাস্থ্যসেবার এই শাখাকে আরও জনমুখী করার ওপর জোর দেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন