শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৬, ১২:৩৭ পিএম

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পাদিত একশত একটি দ্বিপক্ষীয় চুক্তি বর্তমানে নিবিড়ভাবে পর্যালোচনা করছে বর্তমান প্রশাসন। খুব শীঘ্রই এসব চুক্তির বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি ঘরোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার পররাষ্ট্রনীতি পরিচালনা করছে বলে তিনি উল্লেখ করেন। চিফ হুইপ বলেন, অতীতে বিভিন্ন অনৈতিক ও একপক্ষীয় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেশের স্বার্থ ক্ষুণ্ন করা হয়েছে। বর্তমান সরকারের মূল রাজনৈতিক নীতি হলো ‍‍`সবার আগে বাংলাদেশ‍‍`। তিনি উদাহরণ দিয়ে বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দরে দেশি জাহাজের পরিবর্তে বন্ধুপ্রতিম দেশের জাহাজকে অগ্রাধিকার দেওয়ার মতো বহু অসম চুক্তি বিগত সরকারের আমলে করা হয়েছিল। বর্তমান প্রশাসন সেই সমস্ত ক্ষতিকর অবস্থান থেকে বেরিয়ে এসে পারস্পরিক সমতা ও মর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর।

বক্তব্যের একপর্যায়ে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি তুলে ধরে তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সরকারপ্রধানকে বৈশ্বিক এই সম্মেলনে আমন্ত্রণ না জানানো কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। রাষ্ট্রীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে দেশের অর্থনীতি ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।