বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

হাসপাতালে অনিয়ম বন্ধে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৩:৫১ পিএম

হাসপাতালে অনিয়ম বন্ধে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সামনে এই কঠোর অবস্থানের কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন, হয় তিনি দায়িত্বে থাকবেন, না হয় চিকিৎসা সেবায় অনিয়ম থাকবে—দুটো একসঙ্গে চলতে পারে না।

চিকিৎসা খাতে অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন। সরকারি ব্যবস্থাপনায় রক্তসহ বিভিন্ন রোগ নির্ণয়ের সুযোগ থাকা সত্ত্বেও রোগীদের বাইরের বেসরকারি প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করাতে বাধ্য করার অভিযোগের সত্যতা মেলে। 

বিশেষ করে ডেঙ্গু শনাক্তকরণের ব্যবস্থা হাসপাতালে থাকার পরও বাইরের ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা ভেতরে ঢুকে নমুনা সংগ্রহ করছিল। এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তদন্তের নির্দেশ দেন। রোগী ও তাদের স্বজনরা এ সময় নানা ভোগান্তির কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। হাসপাতালের লিফট নিয়মিত সচল না থাকা এবং বিভিন্ন পরীক্ষার জন্য রোগীদের এক তলা থেকে অন্য তলায় দুর্ভোগ পোহাতে হয় বলে অভিযোগ পাওয়া যায়।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, রোগীদের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে। ডেঙ্গু সংক্রমণ রোধে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতালে আকস্মিক এই সরেজমিন পরিদর্শন নিয়মিত চলবে বলেও জানান তিনি।