শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৮:০১ পিএম

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ

ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টায় কেন্দ্রটির এই ইউনিটে হঠাৎ যান্ত্রিক বিভ্রাট দেখা দেয়। এতে জাতীয় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের উৎপাদন এক ধাক্কায় কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। উৎপাদন কমে এখন ৬০০ মেগাওয়াটে এসে ঠেকেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, নিয়মিত উৎপাদনের অংশ হিসেবে কেন্দ্রটি থেকে এক হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তবে দ্বিতীয় ইউনিটটি আকস্মিক বিকল হওয়ায় বর্তমান উৎপাদন নেমে এসেছে ৬০০ মেগাওয়াটে। তিনি জানান, ইউনিটটি সম্পূর্ণ মেরামত করে পুনরায় চালু করতে প্রায় চার দিন সময় লাগতে পারে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি মেরামতের জন্য ভারত থেকে দুজন বিশেষজ্ঞ প্রকৌশলী আসছেন এবং তারা কেন্দ্রে পৌঁছানোর পরপরই মেরামতের মূল কাজ শুরু হবে।

বাগেরহাটের এই কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রটির মোট স্থাপিত উৎপাদন সক্ষমতা এক হাজার ৩০০ মেগাওয়াট। তবে কারিগরি মানদণ্ডে দুটি ইউনিট একই সাথে পুরোপুরি সচল থাকলে কেন্দ্রটি থেকে সর্বোচ্চ এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হয়। আর একটি ইউনিট চালু থাকলে উৎপাদন সাধারণত ৫৫০ থেকে ৬০০ মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ থাকে, যার কারণে সাময়িকভাবে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।