বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শিশুদের বিকাশে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ দরকার: জুবাইদা রহমান

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৫:৪১ পিএম

শিশুদের বিকাশে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ দরকার: জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত

শিশুদের বিকাশে রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরের সমন্বিত ও আন্তরিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে মত দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি উল্লেখ করেছেন, সম্মিলিত সামাজিক সুরক্ষা এবং সঠিক পরিবেশ নিশ্চিত করা গেলে প্রতিটি শিশুর সুপ্ত সম্ভাবনা বাস্তবে রূপ লাভ করবে। মঙ্গলবার রাজধানীতে বিমান বাহিনীর বিশেষ শিশুদের বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

ডা. জুবাইদা রহমান রাজধানীর ‘ব্লু স্কাই স্কুল ফর স্পেশাল চিলড্রেন’ প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন শিখন ও সৃজনশীল কার্যক্রম প্রত্যক্ষ করেন। তিনি বলেন, প্রতিটি শিশুর ভেতরেই সীমাহীন সম্ভাবনা সুপ্ত থাকে। তাদের স্বাভাবিক মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য প্রয়োজন যুগোপযোগী শিক্ষাব্যবস্থা, সঠিক চিকিৎসাসেবা এবং খোলামাঠে প্রকৃতির মুক্ত হাওয়ায় খেলাধুলার অবারিত সুযোগ। 

কন্যাশিশুদের উচ্চশিক্ষা অবৈতনিক করার ইতিবাচক দিক তুলে ধরে তিনি জানান, ‘নতুন কুঁড়ি’র মতো জাতীয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা তৃণমূলের শিশুদের মেধা বিকাশে সবসময় কার্যকর মাধ্যম হিসেবে ভূমিকা রেখেছে। দেশের কোনো শিশুই যেন অবহেলা ও সুযোগের অভাবে ঝরে না পড়ে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের ৬৪টি জেলার ৫০৩টি উপজেলার চার হাজার ৫৯৯টি ইউনিয়নের প্রত্যন্ত ৯০ হাজার ৯০টি গ্রামের প্রতিটি শিশুর অধিকার সমানভাবে নিশ্চিত করতে হবে। শিশুরা যেমন পরিবারের নয়নের মণি, তেমনি তারা সমাজ ও রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান নাগরিক। 

সঠিক প্রশিক্ষণ ও স্নেহ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও অনন্য দক্ষতা প্রদর্শন করতে পারে যা তাদের সাংস্কৃতিক পরিবেশনা ও খেলাধুলার মাধ্যমে আজ প্রমাণিত হয়েছে। একই অনুষ্ঠানে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) বিভিন্ন গঠনমূলক সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি।ডা. জুবাইদা রহমান জানান, নারীদের কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং দৃষ্টিনন্দন হস্তশিল্প তৈরির মাধ্যমে সংস্থাটি নারী ক্ষমতায়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশই নারী হওয়ায় তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার এই অভিনব প্রয়াস জাতীয় উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।