বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,
অপরাধ ও গণমাধ্যম

অপরাধ দমনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৪:৫৭ পিএম

অপরাধ দমনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ বিনির্মাণে ক্রাইম রিপোর্টারদের আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বা ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সময়ের পরিবর্তনের সঙ্গে অপরাধের ধরন ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর হয়ে ওঠায় প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি। অপরাধের মূল চালিকাশক্তি হিসেবে মাদক ও জুয়াকে চিহ্নিত করেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, অপরাধকে কেবল একটি বাহ্যিক সামাজিক সমস্যা হিসেবে দেখলে চলবে না, বরং অনুসন্ধানের মাধ্যমে এর অন্তর্নিহিত মূল কারণ খুঁজে বের করতে হবে। তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত অপরাধ দমনে আধুনিক আইনি সংস্কারের পাশাপাশি গণমাধ্যমের সক্রিয় ভূমিকার কোনো বিকল্প নেই। 

ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকি ও দায়িত্ব পালনের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি আশ্বাস দেন, দায়িত্ব পালনকালে আহত বা ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহায়তা প্রদানের বিষয়টি বিভিন্ন প্রাতিষ্ঠানিক তহবিল বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিলের মাধ্যমে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। একই সাথে অনুসন্ধানী সাংবাদিকতায় পেশাগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক সনদ বা সম্মাননা প্রদানের আইনি দিকটিও সরকার পর্যালোচনা করছে।

ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে সরকারের যুগোপযোগী পদক্ষেপের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, যুগের বাস্তবতার নিরিখে ব্রিটিশ আমলের ১৮৬৭ সালের গ্যাম্বলিং অ্যাক্ট আধুনিকায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে অনলাইন জুয়া, ক্রীড়াঙ্গনে ম্যাচ ফিক্সিং ও সংঘবদ্ধ সাইবার অপরাধ কঠোরভাবে মোকাবিলার লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’ প্রণয়ন সম্পন্ন হয়েছে। পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ জারি করা হয়েছে।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং প্রধানমন্ত্রীর সহকারী মো. রাশেদ খাঁন। পরে কেক কেটে সংগঠনটির দিনব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।