বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

গুম হওয়া ছাত্রদল নেতার অসুস্থ মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৯:১৬ পিএম

গুম হওয়া ছাত্রদল নেতার অসুস্থ মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ থাকা ২০১৩ সালে গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‍‍`আমরা বিএনপি পরিবার‍‍`-এর প্রধান পৃষ্ঠপোষক এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ বা গুম হয়েছিলেন ছাত্রদল নেতা আলামিন। বহু বছর ধরে তার শোকার্ত মা জেসমিন বেগম শারীরিক অসুস্থতার সাথে লড়াই করে আসছেন।

অসুস্থ মায়ের চিকিৎসায় পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দলীয় সূত্রে জানা গেছে, জেসমিন বেগমের দীর্ঘস্থায়ী অসুস্থতার সংবাদটি সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। বিষয়টি জানার সাথে সাথেই তিনি তাৎক্ষণিকভাবে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ওই পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য কড়া নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশ পাওয়ার পর গত ১৫ সেপ্টেম্বর ‍‍`আমরা বিএনপি পরিবার‍‍`-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সরাসরি গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের বাসভবনে উপস্থিত হন।

সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে যাওয়া ওই প্রতিনিধি দলটি অসুস্থ জেসমিন বেগমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সুচিকিৎসার বিষয়ে পরিবারের সাথে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহানুভূতি ও শুভেচ্ছা বার্তা অসহায় মায়ের নিকট পৌঁছে দেন। পরিবারের পক্ষ থেকে এই বিপদে রাষ্ট্রীয় ও দলীয় নেতৃত্ব পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উক্ত প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‍‍`আমরা বিএনপি পরিবার‍‍`-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ এবং ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ। রাজনৈতিক সংঘাত ও গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।