বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনি প্রতীকের গেজেট প্রকাশ: ১২০ প্রতীক চূড়ান্ত, নৌকা স্থগিত

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৭:৩৩ পিএম

নির্বাচনি প্রতীকের গেজেট প্রকাশ: ১২০ প্রতীক চূড়ান্ত, নৌকা স্থগিত

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য মোট ১২০টি নির্বাচনি প্রতীক নির্ধারণ করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। তবে সংশোধিত এই চূড়ান্ত তালিকায় দীর্ঘদিনের পরিচিত রাজনৈতিক প্রতীক ‍‍`নৌকা‍‍` স্থগিত রাখা হয়েছে। নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর সংশ্লিষ্ট বিধি সংশোধন করে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে সাংবিধানিক সংস্থাটি।

নির্বাচনি প্রতীকের তালিকা থেকে ছিটকে গেল নৌকা। ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এই প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় আনুষ্ঠানিকভাবে মুদ্রিত হয়েছে। আইনি কাঠামো অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৯-এর উপ-বিধি (১) সংশোধন করা হয়। 

সংশোধিত বিধানে স্পষ্ট করা হয়েছে যে অনুচ্ছেদ ২০-এর দফা (১)-এর অধীন স্থগিতকৃত প্রতীক ছাড়া তালিকায় থাকা অন্যান্য প্রতীকগুলো থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রার্থীদের অনুকূলে বরাদ্দ দেওয়া যাবে। প্রকাশিত তালিকার ৬৫ নম্বরে থাকা নৌকা প্রতীকের পাশে স্পষ্টভাবে ‍‍`স্থগিত‍‍` শব্দটি উল্লেখ করে দেওয়া হয়েছে। ফলে সংশোধিত তালিকায় মোট ১২০টি প্রতীক সংরক্ষিত থাকলেও নৌকা প্রতীকটি বর্তমানে কোনো প্রার্থীর অনুকূলে বরাদ্দ দেওয়ার সুযোগ রাখা হয়নি।

চূড়ান্ত তালিকায় অন্যান্য প্রতীকের মধ্যে রয়েছে আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কাস্তে, কাপ-পিরিচ, কাঁচি, কাঁঠাল, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চিংড়ি, চেয়ার, ছাতা, জাহাজ, টর্চ লাইট, টেলিভিশন, ট্রাক, ট্র্যাক্টর, ডাব, তারা, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, লাঙল, লিচু, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালী আঁশ, হাতি, হাতুড়ি, হারিকেন, হেলিকপ্টার, হ্যান্ডশেক এবং ‘না’ প্রতীক। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ এবং এই সংশোধিত বিধিমালার আলোকেই পরবর্তী নির্বাচনি কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।