রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর ৬ আসনে ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

মো:মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:১৭ এএম

দিনাজপুর ৬ আসনে ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

ছবি-দিনাজপুর টিভি

উৎসবমুখর পরিবেশ আর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে জেলার ৮৪৪টি কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।

ভোট শুরুর আগে থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শীতের আমেজ থাকলেও ভোটাধিকার প্রয়োগের উৎসাহে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে। 

এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে নিশ্চিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি মাঠে মোতায়েন রয়েছে বিজিবি, সেনাবাহিনী ও র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স। 

এছাড়া স্বচ্ছতা বজায় রাখতে এবারই প্রথম জেলার সকল ভোটকক্ষে মোট ৪ হাজার ৯৯৩টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা কেন্দ্রীয়ভাবে মনিটর করা হচ্ছে।ভোটাররা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের পছন্দের প্রার্থীকে সরাসরি ভোট দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। বিকেলের মধ্যে ভোট প্রদানের হার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।