অক্টোবর ৬, ২০২৬, ০২:১০ পিএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। সোমবার তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করেন। স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দলের সঙ্গে তানজানিয়া সফরে থাকা সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুইয়া এক তথ্যবিবরণীতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এশিয়া-প্যাসিফিক গ্রুপে মোট ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে। এদিকে তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।
সোমবার অনুষ্ঠিত এক ভোটে তিনি মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করেন। এশিয়া-প্যাসিফিক গ্রুপের ৩৭টি সদস্য দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে জহরত আদিব চৌধুরীর বিজয় আন্তর্জাতিক সংসদীয় পরিসরে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন