রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

জাতীয় ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০৪:৩৮ পিএম

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দুই নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যেই সাধারণ ছুটি কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

ইসি থেকে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনি এলাকার সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে হবে। 

ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার পথ সুগম করা এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সুবিধার্থে ওই দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা জরুরি।জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, ৯ এপ্রিল নির্বাচনী এলাকার সব ধরণের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর ফলে ভোটাররা কোনো ধরণের দাপ্তরিক বাধা ছাড়াই তাদের নাগরিক অধিকার হিসেবে ভোট প্রদান করতে পারবেন। নির্বাচন কমিশন মনে করছে, সাধারণ ছুটি ঘোষণার ফলে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাবে এবং নির্বাচনি উৎসবের আমেজ বজায় থাকবে।

বগুড়া ও শেরপুরের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় এই ছুটির আদেশ কার্যকর করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। ভোটগ্রহণের দিন যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারেন, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভোটারদের মধ্যে এক ধরণের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।