সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১১:১৭ পিএম
বিচার বিভাগে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজসহ মোট ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই সংক্রান্ত পাঁচটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশে ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুই জন সিনিয়র সিভিল জজ এবং দুই জন সিভিল জজকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।
বদলির এই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ জন বিচারককে বিভিন্ন জেলায় চিফ লিগ্যাল এইড অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয় এবং খোদ আইন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ আইনি দায়িত্বে পদায়ন করা হয়েছে।
চিফ লিগ্যাল এইড অফিসার পদে বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে আইন ও বিচার বিভাগে সংযুক্ত যুগ্ম জেলা জজ রাহেলা পারভীনকে কিশোরগঞ্জ, ফাতেমা তুজ জোহরা মুনাকে মুন্সিগঞ্জ, সাবিনা ইয়াসমিনকে মাগুরা, মোছা. আসমা মাহমুদকে চাঁপাইনবাবগঞ্জ, তানিয়া ইসলামকে ঢাকা মহানগর এবং মোছা. নাসিমা খাতুনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে। এছাড়া নরসিংদীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. তারেক আজিজকে নরসিংদী, জয়পুরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ জান্নাতুল রাফিন সুলতানাকে জয়পুরহাট, কুড়িগ্রামের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কনক বড়ুয়াকে কুড়িগ্রাম, দিনাজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ ফাতিমা খাতুনকে দিনাজপুর এবং কুষ্টিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে একই জেলা কুষ্টিয়ার চিফ লিগ্যাল এইড অফিসার করা হয়েছে। ময়মনসিংহের যুগ্ম জেলা ও দায়রা জজ তারিকুল ইসলামকে ঝিনাইদহ, বান্দরবানের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দাউদ হাসানকে কক্সবাজার, চট্টগ্রামের মানি লোন কোর্টের যুগ্ম জেলা জজ মো. হাসিবুল হাসানকে যশোর, নড়াইলের যুগ্ম জেলা ও দায়রা জজ শারমিন সুলতানা সুমিকে রাজবাড়ী এবং খাগড়াছড়ির যুগ্ম জেলা ও দায়রা জজ শ্রী জ্ঞান তঞ্চঙ্গ্যাকে বান্দরবানের চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় ও সংস্থায় রদবদলের অংশ হিসেবে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ স্বপন কুমার সরকারকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা করা হয়েছে। ঝিনাইদহের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ আলীকে আইন ও বিচার বিভাগের উপসচিব, পাবনার পারিবারিক আপিল আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগে সংযুক্ত জেলা জজ সোনিয়া আহমেদকে আইন ও বিচার বিভাগের ডেপুটি সলিসিটর পদে বদলি করা হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজদের মধ্যে দুর্নীতি দমন কমিশন সচিবালয়ের উপপরিচালক মো. হুমায়ুন কবীরকে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছা. মার্জিয়া খাতুনকে নীলফামারীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারকে ঝিনাইদহে পদায়ন করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান যাচ্ছেন চুয়াডাঙ্গায়। নীলফামারীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক বাসুনিয়াকে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সুলতান মাহমুদকে পঞ্চগড়ের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জহির উদ্দিনকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ করা হয়েছে।
যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলামকে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করা হয়েছে। আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তাদের মধ্যে মো. মতিউর রহমানকে কুমিল্লা, শফি উদ্দিনকে সাতক্ষীরা, মো. নুরু মিয়াকে নেত্রকোনা, তাহেরা আনোয়ারকে যশোর, রায়হানুল ইসলামকে লক্ষ্মীপুর, মো. আক্তারুজ্জামানকে মৌলভীবাজার, মো. শাহাদাৎ হোসেনকে নরসিংদী এবং মো. ছানাউল্যাহকে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ করা হয়েছে। অন্যদিকে খুলনার মো. শামীম সুফিকে যশোর, মাদারীপুরের মো. নাহিদুর রহমানকে গাজীপুর, মৌলভীবাজারের ফাহমিদা খাতুনকে মাদারীপুর, পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শিবলী নোমান খানকে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং আইন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মুহাম্মদ মাজহারুল ইসলামকে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ করা হয়েছে। ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল আফসারকে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক এবং দুদকের উপপরিচালক মো. আজাদুর রহমান শেখকে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।
যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীকে পটুয়াখালীর কলাপাড়া আদালতে, ঢাকার অর্থ ঋণ আদালতের বিচারক মো. মোশাররফ হোসেনকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আইন বিভাগে সংযুক্ত ইসরাত জাহানকে হবিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলামকে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ করা হয়েছে। নারায়ণগঞ্জের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মো. মেহেদী হাসানকে সিরাজগঞ্জ, দিনাজপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের ইকবাল হাসানকে রংপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং আইন বিভাগে সংযুক্ত হরিদাস কুমারকে সিলেটের জেলা জুডিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটর করা হয়েছে।
এছাড়া মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমানকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব, চট্টগ্রামের সন্দ্বীপের সিনিয়র সিভিল জজ আবদুল্লাহ আল হাসিবকে আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক, গাজীপুরের সিভিল জজ মাসুমা রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা এবং নোয়াখালীর সিভিল জজ এস এম শামীম রেজাকে ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যারা প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, ছুটি শেষ হলে তাদের কর্মস্থলে যোগ দিতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন