সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৮:১৮ পিএম
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের বিষয়ে বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রদান করে। সেখানে জানানো হয়, দুই নেতা সাধারণ পরিষদের সার্বিক কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে গভীর পর্যালোচনা করেন।
উভয় পক্ষ সাধারণ পরিষদকে সরকারগুলোর পারস্পরিক যোগাযোগের প্রধান বৈশ্বিক ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন। বৈঠকে বর্তমান বিশ্বের বহুমুখী সংকট মোকাবিলায় পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সংলাপ ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া হয়। সের্গেই লাভরভ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনে খলিলুর রহমানের সার্বিক সফলতা প্রত্যাশা করেন। একই সঙ্গে জাতিসংঘের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রাশিয়ার কার্যকর সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন