শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,
ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির সাপ্তাহিক ক্লিনিং ডে ঘোষণা

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৫:২১ পিএম

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির সাপ্তাহিক ক্লিনিং ডে ঘোষণা

ডেঙ্গু রোগের প্রকোপ ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার ডিএসসিসির আওতাধীন ৭৫টি ওয়ার্ডে এই সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি বা ক্লিনিং ডে পালন করা হবে।

শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র রাসেল রহমান এ তথ্য জানান। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী যে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে সংস্থাটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে আগামী তিন মাস প্রতি শনিবার এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

ডিএসসিসির বর্ষা পূর্ব জরিপ ২০২৬-এর তথ্যমতে, বহুতল ভবনে এডিস মশার লার্ভা মিলেছে ৩৫ দশমিক ২৩ শতাংশ। এছাড়া স্বতন্ত্র বাড়িতে ২৭ দশমিক ৭৬ শতাংশ, নির্মাণাধীন ভবনে ১৭ দশমিক ৪৪ শতাংশ এবং সেমিপাকা বাড়িতে ১৪ দশমিক ৫৯ শতাংশ লার্ভার উপস্থিতি পাওয়া গেছে। প্রজননক্ষেত্রের তথ্য বিশ্লেষণে জানা যায়, মেঝেতে জমে থাকা পানিতে সর্বোচ্চ ১২ দশমিক ২৬ শতাংশ, বালতির পানিতে ১০ দশমিক ৩৪ শতাংশ এবং প্লাস্টিকের ড্রামে ৮ দশমিক ৮৯ শতাংশ এডিস মশার লার্ভা শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত আঙিনা, ফুলের টব, এয়ার কন্ডিশনার কিংবা ফ্রিজের ট্রে এবং কমোডে জমে থাকা পানি সিটি কর্পোরেশনের পক্ষে একা পরিষ্কার করা সম্ভব নয়। এসব স্থানে জন্মানো মশা পরিবারের সদস্যদের জন্যই সরাসরি ঝুঁকি তৈরি করে। তাই শুধু কীটনাশক প্রয়োগের ওপর ভরসা না করে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখাই কার্যকর সমাধান।

শনিবার সকাল থেকে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, ড্রেন, ছাদ ও নির্মাণাধীন ভবনে কার্যকর লার্ভিসাইডিং এবং অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম শুরু হবে।

একই সঙ্গে বিভিন্ন স্থানে জমে থাকা পানি, পরিত্যক্ত ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও টায়ারসহ যাবতীয় বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডেই র্যালি আয়োজন করা হবে এবং ঘরে ঘরে বিতরণ করা হবে প্রচারপত্র।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সরাসরি বিভিন্ন ওয়ার্ডে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করবেন।

কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে ব্যাপারে নগরবাসীকে সচেতন করতে সার্বিক প্রচার কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতাও চেয়েছে সংস্থাটি।